আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন
ছবি: আমার দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আগুন-সন্ত্রাস করে পার পাবেন না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসিনার প্রতি ইঙ্গিত করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সাহস থাকলে দেশে আসুন, আইন-আদালত ও জনগণের মুখোমুখি হন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।

তিনি বলেন, সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে। জেলায় জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে। ছেলেমেয়েদের মাদক থেকে দূরে রাখতে হবে। ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তাঁরা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে পালিয়ে গেছেন।’

মন্ত্রী আরো বলেন, ‘পটকাবাজি, বোমাবাজি, একটা-দুটো বাসে-ট্রাকে আগুন লাগানো, মানুষকে উসকানি দেওয়া—এগুলো আওয়ামী লীগের ইতিহাস। সারা দেশের মানুষকে মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন লাগিয়ে কীভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিতে হবে।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার, তা করছে। মানুষের সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সব উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছলদের এগিয়ে আসতে হবে। সরকার সুযোগ সৃষ্টি করে দেবে। আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তবেই দেশের সার্বিক উন্নয়ন হবে।’

পরে তিনি নামফলক উন্মোচন করে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন করেন।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. অজিজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন