যুবলীগ নেতা গ্রেপ্তার, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’ ওসিকে ছাত্রদল নেতার হুমকি

যুবলীগ নেতা গ্রেপ্তার, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’ ওসিকে ছাত্রদল নেতার হুমকি
কুমিল্লা: বামে যুবলীগ নেতা নূর আলম, ডানে ছাত্রদল নেতা ফয়সাল কবির। ছবি: সংগৃহীত

কুমিল্লায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে হুমকি দিয়েছেন এক ছাত্রদল নেতা। ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দ যুবলীগ নেতা ছাড়িয়ে নিতে এ হুমকি দেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির থানায় গিয়ে যুবলীগ নেতাকে ছাড়ানোর জন্য জোর তদবির করেন। এসময় তিনি ওসিকে বলেন, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’। এ নিয়ে ব্রাহ্মণপাড়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, সোমবার রাতে মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন হেসে বলেন, ‘ছেলেমানুষ, বোঝে না। রক্ত গরম তো! আপনি উনাকে জিজ্ঞেস করেন, কেন থানায় গিয়েছিলেন। এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘বিষয়টি এইমাত্র আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। এমন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন