অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ সরকারের সংস্কার দৃশ্যমান নয়। তারা কথায় কথায় সংস্কারের কথা বলে। এর আগে প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন, তেমনি এ সরকারের কথা হচ্ছে সংস্কার।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের দোসরদের বিচার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, কথায় কথায় সংস্কার, কোন জায়গায় সংস্কার, কিসের সংস্কার এটা দৃশ্যমান নয়। এজন্যই এ সরকার ইতোমধ্যে জাতির কাছে নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে। আমার কাছে মনে হয়, এ সরকার খুবই সরল, আর না হয় ধুরন্ধর। এই দুটোর একটি হবে।
দুদু বলেন, এ সরকার তার নিরপেক্ষতা ইতোমধ্যে নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছে। নিজেরা রাজনৈতিক দল গঠনের জন্য প্রধান উপদেষ্টার পাশে যে উপদেষ্টারা রয়েছে, তারা কাজ করছে এবং পত্র-পত্রিকায় সেটি আসছে। এদের মধ্যে দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দল নেতৃত্বের আশা নিয়ে বসে আছে। যদি তা-ই বসে তাহলে সরকারের উচিত হচ্ছে, তার নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করে একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
তিনি বলেন, আমরা যে ভালো নির্বাচন প্রত্যাশা করছি, সেই নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এটাও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিচার এবং একটি ভালো নির্বাচনে পদক্ষেপ না নিলে আরও বিতর্ক বিশৃঙ্খলা তৈরি হবে। সেজন্য অনতিবিলম্বে এ সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার সরকার ১৬-১৭ বছর ধরে নির্বিচারে খুন, গুমসহ দেশকে একেবারে ধ্বংস করেছে। বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে রূপান্তর করার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে। সেই খুনিকে আমরা এখনো পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি। তদন্তের নামে ছয় মাস পার হয়ে গেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, যদি বিচার করতে না পারেন, যদি খুনিকে খুনি বলতে আপনাদের বাঁধা ও অস্বস্তি লাগে, তাহলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আপনাদের নেই।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপত্বিতে নাগরিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রদান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য অ্যাড. আরিফা সুলতানা রুমা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

