বিএনপি-জামায়াতের বাইরে হবে সংস্কার জোট: নাসীরুদ্দীন

বিএনপি-জামায়াতের বাইরে হবে সংস্কার জোট: নাসীরুদ্দীন

আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে একটি ‘সংস্কার জোট’ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

সোমবার বিকালে দলটির কার্যালয়ে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন নাসীরুদ্দীন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে আপনারা দুই দল (বিএনপি ও জামায়াত) নির্বাচন পেছানোর জন্য দায়ী থাকবেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য পদক্ষেপ নিতে হবে।

নাসীরুদ্দীন বলেন, ইতোমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ। দুটি দল থেকে মাঠে মারামারি, তর্কযুদ্ধ দেখলাম, কোনো সমাধান দেখলাম না। সরকার যদি ঐক্যমত্য কমিশনের ভাষ্য থেকে বের হয়ে বিএনপি বা জামায়াতের পক্ষে কোনো বক্তব্য দেয়, তাহলে কিন্তু আমরা শহীদ ও আহত পরিবারসহ সবাইকে নিয়ে আবার রাজপথে আবার যাব। দুটি দলকে কীভাবে বাধ্য করতে হয়, তা আমরা জানি।

তিনি বলেন, কেউ সমাজকল্যাণ করে যেসব ভোট বাড়িয়েছেন, কেউ শহীদ পরিবার থেকে ‘পলিটিক্যাল ব্রান্ড অ্যাম্বাসেডর’ যোগ করে, সামনে এই দুইটা দলের ভোট ব্যাংক নিচের দিকে নামবে। আগামীতে ভোট পাবে কারা? আগামী নির্বাচনের আগে একটি সংস্কার জোট হবে। সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাব, আপনাদের বুকে দাঁড়িপাল্লার ব্যাজ থাকুক বা ধানের শীষের ব্যাজ থাকুক, বুঝে গিয়ে সংস্কার জোটে ভোট দিয়ে আসবেন।

তিনি বলেন, দাঁড়িপাল্লার ব্যাজ থাকুক বা ধানের শীষের ব্যাজে ভোট দিলে কোনো সংস্কার বাস্তবায়ন হবে না। আমরা আগামী সংসদে একক নেতৃত্বের পার্লামেন্ট দেখতে চাই না।

সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, শ্রমিক সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন