জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তাহলেই দেশ অপশাসন-দুঃশাসন মুক্ত হবে ইনশাআল্লাহ।
তিনি রোববার দিবাগত রাতে রাজধানী মিরপুর-১৩ এর ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ওয়ার্ড ও থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আবশ্যকতা দেখা দিয়েছে। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জরুরি সংস্কার কাজ শুরু করেছে। আমরা আশা করছি, দ্রুতই রাষ্ট্রীয় কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার, গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর পুরোজাতি নির্বাচনি উৎসবে মেতে উঠবে এবং জনগণ পছন্দমতো তাদের নেতা নির্বাচনের সুযোগ পাবেন।
তিনি দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলসহ সকল স্তরের জনশক্তিকে ময়দানে সক্রিয় ও আপোসহীন ভূমিকা পালনের আহবান জানান।
সেলিম উদ্দিন বলেন, মূলত ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এ সময়ে জামায়াতের ওপর জনপ্রত্যাশা বহুগুণে বেড়েছে। জনগণ জামায়াত নেতাদের ওপর আস্থা রেখে দেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখছে।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

