কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঢাকা মহানগর পদবঞ্চিতদের উদ্দেশে বলেছেন, কমিটিতে মূল্যায়ন না হলে যদি কেউ ক্ষুব্ধ হয়, তাহলে ক্ষোভ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রকাশ করতে হবে। কোনোভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। এসময় তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে ছাত্রদল।
বিবৃতিতে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বৃহত্তম ছাত্র সংগঠন। আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় অসংখ্য ছাত্রদল নেতা নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে। কিন্তু সাংগঠনিক কাঠামোর কারণে আমরা সবাইকে প্রত্যাশিত পদ দিতে পারিনি।
তিনি বলেন, যারা প্রত্যাশিত পদ পায়নি তারা যোগ্য নয় এমনটা আমরা মনে করি না।
নতুন কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে নতুন কমিটি দেওয়া হয়েছে সেগুলো মাত্র ৪৫ দিনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি। এই কমিটির দায়িত্ব মূলত ৪৫ দিনের মধ্যে বর্তমান শিক্ষার্থীদের হাতে নেতৃত্ব হস্তান্তরের ব্যবস্থা করা মাত্র। ফলে সম্মেলন প্রস্তুতি কমিটির আকার সেশন অনুসারে সমন্বয় করেই দ্রুত বৃদ্ধি করা হবে।
এর আগে ২৩ ডিসেম্বর ঢাকা মহানগরের চারটি ইউনিট, জগগ্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ ১১ ইউনিটে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পদবঞ্চিতরা সে রাত থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে। ঢাকা কলেজের পদবঞ্চিত ছাত্রনেতারা কলেজের সামনের সড়কে দিনভর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিক্ষোভ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

