২৪ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে: ড. কামাল

২৪ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে: ড. কামাল

২৪ গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে লাগাতে পারলে নতুন দিগন্ত তৈরি হবে বলে মন্তব্য মন্তব্য করেছেন গণফোরামের ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন৷

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন এর ৮৮তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ড. কামাল হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু বিগত ৫৪ বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। তবে ২৪- এর ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশের।

তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে লাগাতে পারলে নতুন দিগন্ত তৈরি হবে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের সার্বিক সহযোগিতা যোগানো রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব। যথাসময়ে যাতে সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা যায়, সরকারকে সহযোগিতা করতে হবে৷ এর মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ সুগম হবে৷

গণফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান বলেন, জনআকাঙ্ক্ষার ভিত্তিতে জনপ্রশাসন, বিচার প্রশাসন, পুলিশ প্রশাসনের সংস্কার করতে এক, দুই মাস সময়ই যথেষ্ট৷ সংস্কারের নামে এখন কেবল সময়ক্ষেপণ করা হচ্ছে৷ বিরাজনীতিকরণের অপচেষ্টাও হচ্ছে এখন৷

দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহিতার জায়গা থাকে না উল্লেখ করে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, দেশে যদি নির্বাচন না হয়, দীর্ঘদিন ধরে যদি একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে তবে জবাবদিহিতার জায়গা থাকে না৷ আর তাই মানুষের মনে টেকসই গণতন্ত্রের প্রশ্ন উঠেছে৷ গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গঠনে বড় ভূমিকা রাখতে পারেন৷

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন