আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোচ্চারের জরিপ

ঢাকা-৮ আসনে এগিয়ে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

ঢাকা-৮ আসনে এগিয়ে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬ শতাংশ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে জনমত জরিপে উঠে এসেছে। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ১৩টি সংসদীয় আসনের জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করেছে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এই জরিপ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, এসব আসনে ‘রিভিল্ড ভোট’ বা প্রকাশিত মতামতের হিসাব অনুযায়ী এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান জানানো হয়েছে। একটি উল্লেখযোগ্য অংশ ভোটার এখনো আনডিসাইডেড থাকায় চূড়ান্ত ফলাফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। অনেক আসনেই এই অনিশ্চিত ভোটাররাই নির্ধারণ করবেন বিজয়ী কে হবেন।

জরিপ অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। কুমিল্লা-৯ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে; যেখানে জামায়াত ৩ শতাংশে এগিয়ে। কুমিল্লা-১০ আসনে জামায়াত ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে।

ময়মনসিংহ-৯ এবং ঢাকা-১ আসনে বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে বলে জানানো হয়। গাইবান্ধা-২ আসনে জামায়াতের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে; যেখানে তারা ১৮ শতাংশ ভোটে এগিয়ে।

ঢাকার একাধিক আসনেও ভিন্ন চিত্র উঠে এসেছে জরিপে। ঢাকা-৮ আসনে এনসিপি ১৬ শতাংশ ভোটে এবং ঢাকা-১১ আসনে ৪ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ঢাকা-১৩ আসনে বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে, যেখানে বিএনপি প্রার্থী ২ দশমিক ৮ শতাংশে এগিয়ে। ঢাকা-১৫ আসনে জামায়াত ৯ দশমিক ৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ঢাকা-১৭ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে বিএনপি ৩ শতাংশে এগিয়ে।

ঢাকার বাইরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত ২ দশমিক ৩ শতাংশ ভোটে এগিয়ে থেকে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে। অন্যদিকে সিলেট-৬ আসনে বিএনপি মাত্র ০ দশমিক ৭ শতাংশ ভোটে জামায়াতের চেয়ে এগিয়ে রয়েছে।

সোচ্চার জানিয়েছে, এসব জরিপের ফলাফল কোনো চূড়ান্ত পূর্বাভাস নয়। বরং আনডিসাইডেড ভোটারদের সিদ্ধান্ত ও শেষ সময়ের রাজনৈতিক সমীকরণই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন