আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যে কারণে পেছাল পরীমনির জেরা

স্টাফ রিপোর্টার

যে কারণে পেছাল পরীমনির জেরা

অ্যাপেন্ডিসাইটসের অপারেশনের পর অসুস্থ থাকায় শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার বাদী চিত্রনায়িকা পরীমনিকে জেরা করা হয়নি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার নয় নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনিকে জেরার দিন ধার্য ছিল। তবে তিনি আদালতে না আসায় জেরার দিন পিছিয়ে আগামী ৯ আগস্ট ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বলেন, পরীমনির শরীর ভালো না। কয়েকদিন আগে অ্যাপেন্ডিসাইটসের অপারেশন করেছে। অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। আমরা সময় আবেদন করেছি। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৯ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নয় নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক হেমায়েত উদ্দিন।

এ মামলায় ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর এ মামলায় পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিকে ২০২৪ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততবোধ করেন পরীমনি। তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তী সময়ে ওই বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরে বিরুলিয়ার বোট ক্লাবে যান পরীমনি। সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন পরীমণি। পরে ১৪ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন