জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। ১৬ জুলাইয়ে আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম শহীদ হওয়ায় এদিন থেকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
বৃহস্পতিবার রাতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কর্মসূচিতে রয়েছে, ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ, এই দুই বিভাগ বাদে একইদিন সারা দেশে সকল জেলা ও মহানগরে স্মরণ সভা, ১৭ জুলাই সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণ সভা এবং পরদিন ১৮ জুলাই বাদ আসর জুলাই-আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশে সকল উপজেলা ও পৌরতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

