লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে আগামী দিনের জাতীয় রাজনীতিতে যে সংকট-সংশয় ছিল, তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছে ইসলামী আন্দোলন।
শুক্রবার বিকালে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই মন্তব্য করেন।
তিনি বলেন, আশা করা যায় যে, এই দুই শীর্ষ নেতার বৈঠকের পর আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোন সংকট নেই। আগামী দিনে রাষ্ট্র সংস্কারের যে মৌলিক বিষয়গুলো এসেছে, সে ব্যাপারেও বিএনপি একমত হয়েছে। জুলাই সনদের ব্যাপারেও একমত হয়েছে। বিএনপি তাদের আগের অবস্থান থেকে সরে এসে যে যৌক্তিক সমাধানে আসায় তাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, রোজার আগে নির্বাচনের বিষয়ে তারেক রহমানের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানানোর কারণে আমরা প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই। আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোন সংশয়-সংকট থাকবে না। ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে সমঝোতা সমন্বয় হয়েছে, আশা করি সব দল বিষয়টিকে সম্মানের সঙ্গে গ্রহণ করবে। এরমধ্য দিয়ে আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

