ডা. এসএম খালিদুজ্জামান

সরকারি হাসপাতালে রাজনীতিবিদ-আমলাদের চিকিৎসা বাধ্যতামূলক করবে জামায়াত

সরকারি হাসপাতালে রাজনীতিবিদ-আমলাদের চিকিৎসা বাধ্যতামূলক করবে জামায়াত

সাধারণ নাগরিকদের পাশাপাশি রাষ্ট্রের নীতি নির্ধারকরা সরকারি হাসপাতালে চিকিৎসা না নিলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাজনীতিবিদ ও আমলাদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করা হবে।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনিস্টিউট ও হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা (সিটি স্ক্যান, রেডিও থেরাপি) যন্ত্র বন্ধ থাকা এবং প্রশাসনের নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রোগীদের চিকিৎসায় ক্যানসার হাসপাতালের সমাজ কল্যাণ তহবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন এই চিকিৎসক নেতা।

সচেতন নাগরিক সমাজ ও জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে ডা.খালিদুজ্জামান বলেন, ‘দেশের রাজনৈতিক নেতা, আমলাসহ অনেকেই বিদেশে চিকিৎসা নিতে যান। সেখানে জামায়াতের আমির গুরুতর অসুস্থ হলেও তিনি দেশে চিকিৎসা করিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও বিদেশে যাননি। জামায়াত ক্ষমতায় গেলে রাজনীতিবিদ ও আমলাদের চিকিৎসা বাংলাদেশে তো বটেই, সরকারি হাসপাতালে বাধ্যতামূলক করা হবে। এতে করে হাসপাতালের যে চিত্র আমরা দেখছি তার পরিবর্তন হবে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাষ্ট্রের সাধারণ নাগরিক ও আমলা একই হাসপাতালে চিকিৎসা নিলে এমনিতেই এমন ভঙ্গুর অবস্থা কেটে যাবে। মানুষের জন্য, তাদের অধিকার নিয়ে কাজ করতে হবে।’

ক্যানসার হাসপাতালের দূরাবস্থা নিয়ে জামায়াত নেতা বলেন, ‘হাসপাতালে নিয়োগ প্রক্রিয়ায় যে রাজনৈতিক প্রভাব রয়েছে, সেটাকে উচ্ছেদ করতে হবে। প্রতিষ্ঠানটির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। হাসপাতালের স্টাফ কোয়ার্টারেও বহিরাগত থাকেন, তাদেরকে দূর কর করতে হবে। গতরাতেও এখানে চুরি হয়েছে। হাসপাতালের পরিবেশটাকে উশৃঙ্খল, বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে।’

ক্যানসার হাসপাতালকে বিশ্বমানের করার ওপর জোর দিয়ে ডা. খালিদুজ্জামান বলেন, ‘হাসপাতালের সব দুর্নীতি, বৈষম্য দূর করে একটি সুন্দর আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়তে হবে। এজন্য শুধু সরকার নয়, দেশের বিত্তশালীদেরও এগিয়ে আমার আহ্বান করছি। দরিদ্রদের চিকিৎসায় হাসপাতালের একটি সমাজ কল্যাণ ফান্ড রয়েছে। রোগীদের কথা চিন্তা করে জামায়াতের পক্ষ থেকে এ হাসপাতালে ১ কোটি টাকা সহায়তা দেওয়া হবে। গুলশান এলাকায় অনেক বিত্তশালী পরিবার আছে, যারা কুকুর-বিড়ালের পেছনে মাসে লাখ টাকা খরচ করে। মানুষের চিকিৎসায় তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন