জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়া সফর শেষ করেই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীন যাচ্ছেন। চীনা সরকারের আমন্ত্রণে এনসিপির শীর্ষ ৮ নেতার প্রতিনিধি দলটি ছয় দিনের সফরে চীন যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, এনসিপির ডায়াস্ফোরা মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে তিন দিনের জন্য আজ শুক্রবার কুয়ালালামপুর সফরে গেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি গঠন ও এর প্রধান হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। ২৪ অগাস্ট দেশে ফিরে দুইদিন বিরতি দিয়ে ২৬ অগাস্ট চীন সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম। এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।
এনসিপির চীন সফরের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
এনসিপি নেতাদের চীন সফরের প্রস্তুতি উপলক্ষে আজ শুক্রবার তাদের সঙ্গে একটি বৈঠক করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঢাকার বাইরে অবস্থান করায় আখতার ছাড়া সাত নেতা চীনা দূতাবাসের বৈঠকে উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে তাহসীন রিয়াজ বলেন, চীনের সরকারের আমন্ত্রণে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ আগস্ট চীন সফর করবেন। ৩১ অগাস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
তিনি আরো বলেন, রাজনীতির বিভিন্ন বিষয় এবং সাংস্কৃতিক আদানপ্রদানের অংশ হিসাবে আমাদের এই সফর। সেখানে আইসিডিসির সেন্ট্রাল বডি এবং বিভিন্ন প্রাদেশিক বডির সঙ্গে আমাদের বৈঠক হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

