জাগপার শীর্ষ চার পদে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২ জানুয়ারি

জাগপার শীর্ষ চার পদে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২ জানুয়ারি

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর আসন্ন জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির শীর্ষ চার পদ (সুপার ফোর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২ জানুয়ারি রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের জাতীয় সম্মেলনের দিন ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

দলের শীর্ষ চার পদ—সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী, দলের প্রেসিডিয়াম কমিটি, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি এবং সব জেলা ও মহানগর শাখার প্রতিনিধিরা এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। শীর্ষ চার পদে (সুপার ফোর) প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বর্তমান কেন্দ্রীয় কমিটি ও প্রেসিডিয়াম কমিটির সদস্যরা।

শুক্রবার বিকেলে রাজধানীর আসাদগেটের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনি তফসিল ঘোষণা করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ভিপি মোহাম্মদ মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তিন নির্বাচন কমিশনার—জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, জাগপা ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর যুব জাগপার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীরা ১১ ও ১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আসাদগেটে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীরা ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানো যাবে।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ভোটার তালিকাভুক্ত একজন প্রস্তাবক ও একজন সমর্থকের পরিচয় এবং স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। সাধারণ সম্পাদক পদের জন্য ৫০ হাজার টাকা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের জাগপার নির্ধারিত তফসিলি ব্যাংক অ্যাকাউন্টে মনোনয়নপত্রের নির্ধারিত ফি জমা দিতে হবে। এ ক্ষেত্রে ফি জমার রসিদ প্রমাণক হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে দাখিল করতে হবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন