জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জনবান্ধব নীতির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শুক্রবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটি।
মানববন্ধনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে কার্যকর আলোচনা হয়নি। জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় হয়নি। এমনকি কোনো গণশুনানির ব্যবস্থাও করা হয়নি। অথচ এই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝা সরাসরি বহন করতে হবে সাধারণ মানুষকে।
তিনি আরো বলেন, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ঘোষণা হতে পারে না। এর কারণ, হিসাব ও দায় জনগণের সামনে স্পষ্ট করতে হবে। যে সিদ্ধান্তের মূল্য জনগণ দেবে, সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও জনগণকে দিতে হবে। বিপিসি মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, নাকি জনসেবামূলক প্রতিষ্ঠান—এটি জনগণের কাছে স্পষ্ট করতে হবে। জনসেবামূলক প্রতিষ্ঠান হলে তার লক্ষ্য শুধু মুনাফা হতে পারে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলে অর্জিত মুনাফা জনগণের সুরক্ষায় কাজে লাগাতে হবে। দাম বাড়লেই পুরো বোঝা জনগণের ওপর চাপানো ন্যায়সঙ্গত নয়।
স্বপন বলেন, বিপিসির অতীত মুনাফা, অর্থের ব্যবহার এবং বর্তমান আমদানি ও পরিচালন ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক মূল্য, বিনিময় হার, পরিবহন ব্যয় ও বিপিসির লাভ-লোকসান বিবেচনায় স্বচ্ছ ও নিয়মিত মূল্য-সমন্বয় করতে হবে। মূল্যবৃদ্ধি অনিবার্য হলে তার অর্থনৈতিক ভিত্তি ও বিকল্পও জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানি মূল্য মানুষের জীবনযাত্রা ও সামগ্রিক অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে। জ্বালানি নীতিতে শুধু আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নয়—ভোক্তা, কৃষক, শ্রমজীবী, পরিবহন, শিল্প ও সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিত্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকতে হবে।
মহানগর যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সহ-সভাপতি এড. কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, এড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


