টানা ৩৬ দিন জুলাই অভ্যুত্থান উদযাপন করবে এবি পার্টি

টানা ৩৬ দিন জুলাই অভ্যুত্থান উদযাপন করবে এবি পার্টি

অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত‍্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনের ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের মাধ‍্যম হচ্ছে নির্বাচন। কিন্তু ক্ষমতাসীনরা সবসময় নির্বাচন ছাড়া জোর করে তাদের ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে। পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ‍্যমে ৭০ এর নির্বাচন আদায় করা সম্ভব হয়েছিল কিন্তু তারা গণহত্যা চালিয়ে সে নির্বাচনের ফল বাস্তবায়ন করতে দেয়নি। ফলে অনিবার্য হয়েছে মুক্তিযুদ্ধ। যা দেশের মানচিত্র, পতাকা ও ভূখন্ড নতুন করে নির্ধারণ করেছিল।

তিনি আরও বলেন, ৯০ এর গণআন্দোলনের পর ৯১ এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল যা সংবিধানে নতুন করে অন্তর্ভুক্ত করতে হয়েছে। নব্বইয়ে তিন জোটের রূপরেখা ঘোষণা করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল। শেখ হাসিনার ফ‍্যাসিবাদী শাসন তত্ত্বাবধায়ক ব‍্যবস্থা বাতিলসহ সকল কিছু ধ্বংস করে দিয়ে গেছে।

নির্বাচনের মাধ‍্যমে শেখ হাসিনার পতন হয়নি উল্লেখ করে মঞ্জু বলেন, হাজার হাজার মানুষের গণঅভ্যুত্থানের মাধ‍্যমে তাকে সিংহাসন ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং শুধু একটা নির্বাচন করে ক্ষমতায় নতুন সরকার বসলেই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূর্ণ হবেনা, বরং একাত্তর, নব্বই ও চব্বিশের অঙ্গীকার বাস্তবায়নে সকলে ঐকমত্যে পৌঁছার মাধ‍্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ‍্যমে রাষ্ট্রকে নতুন মাত্রায় উপনীত করতে হবে। তিনি সকলকে সেই অঙ্গীকার বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সত্তার, কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শরণ চৌধুরী, আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসিরসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন