ভোটের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আগের প্রশাসন ও পতিত সরকারের কাঠামোর মধ্যে নির্বাচন আয়োজন করলে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই। একই সঙ্গে আগে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাই।’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর উপজেলা ও থানা আমিরদের শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, স্থানীয় সরকার হলো প্রশাসনের সর্বনিম্ন স্তর। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে যে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম। এর মাধ্যমেই সংস্থাটির গ্রহণযোগ্যতাও যাচাই করা যাবে। স্থানীয় সরকার নির্বাচনে যদি কোনো দুর্বলতা ধরা পড়ে, তাহলে তা সংশোধন করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। নির্বাচনের মাঠ অবশ্যই সমতল করতে হবে, যাতে সবাই যথাসাধ্য ভূমিকা পালন করতে পারে।
জামায়াত আমির বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে হবে, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারেন। তারা আমাদের গৌরব। তারা দেশের অর্থনীতিকে মজবুত করছেন। তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ‘আমাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তি শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থীর প্রাথমিক সিলেকশন দিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা যদি আল্লাহর ওপর ভরসা রেখে সবাই আন্তরিকভাবে চেষ্টা করি, তবে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দান করবেন। আমরা একটি সুস্থ, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরের প্রথম দিনে আরো বক্তব্য দেনÑজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

