গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভী।
রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টার চত্বরে ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন। তিনি নিজে এবং পরিবারের সুখ শান্তি চাইলে বিলাসী জীবন যাপন করতে পারতেন। শেখ হাসিনার মতো পালিয়ে গিয়ে বিদেশে রাজকীয় জীবন যাপন করতে পারতেন। তিনি সারা জীবন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন কোন প্রকার দুর্নীতি তাকে স্পর্শ করে নাই।
মিথ্যা মামলা দিয়েখালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রেখে বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছবে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে গণতন্ত্রকে রক্ষা করবেন।
প্রধান বক্তার বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, স্বাধীনতার ৫৪বছর পরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে। নতুনভাবে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ বন্ধ হবে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপত্বিতে শোকসভায় আরো বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

