জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটা ব্যর্থ হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আমরা কথা দিচ্ছি, আমরা কখনো জুলাইকে ভুলে যাবো না। রোববার রাজধানীর মেরুল বাড্ডার একটি রেস্তোরাঁয় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় নাহিদ এ কথা জানান।
সভায় উপস্থিত শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, যেভাবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো দরকার ছিল সেখানে সরকার, রাজনৈতিক দল সবাই ব্যর্থ হয়েছে। ৮০০ পরিবারের সঙ্গে 'ওয়ান টু ওয়ান' সাক্ষাৎ করতে চাই। সবার কবর জিয়ারত করতে চাই।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আতিকুর রহমানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিন সকালে সাঈদনগর সাঈদিয়া কারিমিয়া মসজিদের সামনে থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই এলাকার অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান নাহিদ।
ভোটের মাঠে ১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মানুষ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না, বরং ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে। যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করবেন তারা। জোটের পরিণতি নির্বাচনের পর দেখা যাবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে সীমিত সময়ের মধ্যেও আমরা সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

