ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সভায় গৃহীত হয়েছে। একই সভায় মুফতি ইনজিমামুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার অনুষ্ঠিত জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

সভায় সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ গ্রহণ করে সদস্যসচিব পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে উচ্চতর ইসলামী আইনশাস্ত্রে ইফতা সম্পন্ন করেন।

ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান জামিয়া মুহিউস সুন্নাহ, যাত্রাবাড়ী মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামিক স্কলার্স একাডেমির পরিচালক। তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে জামিয়াতুল আসআদ থেকে উচ্চতর ইসলামী আইনশাস্ত্রে ইফতা সম্পন্ন করেন।

সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা আদায়ে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স (এনইউএ) সর্বদা নীতিগত অবস্থানে অটল থাকবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন