যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ডেমরা রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে জনি (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিশাত মিয়া (২৭) নামের আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট সংলগ্ন ডেমরা রোডে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, সকালে কয়েকজন যুবক মিলে ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়, বাকি দুজন পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় নিশাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

পুলিশ আরো জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

নিহত জনি যাত্রাবাড়ীর কাজলারপাড় মাতবর গলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অন্যদিকে আটক ও আহত নিশাতের বাসা একই থানার কলাপট্টি এলাকায়; তার বাবার নাম মহসিন মিয়া। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন