যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটিপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি পরিবার নিয়ে সিটিপল্লী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ।

নিহতের ভগ্নিপতি বাদশা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার অদূরে ওয়াসা গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকে গুলিবিদ্ধ হয়। পরে তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন