ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচি। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে একদল লোক মানববন্ধন করার জন্য জড়ো হন। এ সময় সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি এই স্থানে একদল জনতা মানববন্ধন করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল। ঘটনার দিন দীপক শীল নামের এক ব্যক্তি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বলে জানা গেছে। একপর্যায়ে পুলিশ তাঁকে আটক করে গাড়িতে তুলে নেয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান বলেন, আমরা তাঁদের উসকানিমূলক স্লোগান ও কথা বলতে নিষেধ করলে তাঁরা পাল্টা প্রশ্ন করেন যে 'জয় বাংলা' স্লোগান নষ্ট হয়ে গেছে কি না। পরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।

মানববন্ধনের অন্যতম আয়োজক ফারুক এইচ খান বলেন, সারাদেশেই বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর ধারাবাহিক আক্রমণ চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশের বাধায় পণ্ড হওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে মানববন্ধনকারীরা ওই এলাকা ত্যাগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন