সাজেক সংকট নিরসনে বৈঠক, তবু অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

সাজেক সংকট নিরসনে বৈঠক, তবু অবরোধ অব্যাহত রাখার ঘোষণা
ছবি: আমার দেশ

রাঙামাটির সাজেক সড়কের অচলাবস্থা নিরসনে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কাটেনি সংকট। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবিতে অনড় রয়েছে আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সোমবার রাতে ফেসবুক লাইভে এসে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। একই সঙ্গে তিনি পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন।

অন্যদিকে, সার্কিট হাউসে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জানিয়েছেন, আন্দোলনকারীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে চারটি পূরণে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। বাকি দাবিটির বিষয়েও আগামী দুই-এক দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার বিকেলে সাজেক সড়কের উজোবাজারে আয়োজিত বৈঠকে আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তবে সংশ্লিষ্ট এলাকা থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না মেলায় বৈঠকের পরও অচলাবস্থা কাটেনি। টানা পাঁচ দিন ধরে সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকার পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হচ্ছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি ও রাঙামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং গঠিত কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার নেতৃত্বে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

এর আগে, দুই সংসদ সদস্যসহ খাগড়াছড়ি ও রাঙামাটি—দুই জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সাজেক সড়কের উজোবাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন