রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে চলমান সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার হাতিরঝিল থানার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস মোড় থেকে মধুবাগ, বেপারি গলি, টিএন্ডটি কলোনিসহ বিভিন্ন মহল্লায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমবেত জনতার উদ্দেশে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এখন ফটোসেশনের দিন শেষ, সকলকে কাজে হাত লাগাতে হবে। সবাই পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন। অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা ফেলে মাসের পর মাস পড়ে থাকে—সিটি করপোরেশন প্রশাসন তা চোখে দেখে না। আমাদের শহর আমাদেরকেই পরিচ্ছন্ন করতে হবে।’
তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা। ‘আমার শহর, আমার পরিবেশ—আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি।’
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ উদ্যোগের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করতে চান তারা।
রাজধানীর ৫৪টি ওয়ার্ডে একযোগে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি চলছে। এতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। পাশাপাশি অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার, হাতিরঝিল অঞ্চল টিম সদস্য মো. ইউছুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব থানা আমির ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, হাতিরঝিল পশ্চিম থানা আমির মো. নূরুল ইসলাম আকন্দ, হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সপ্তাহব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে চলমান থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


