ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বিএনপি: জাগপা

ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বিএনপি: জাগপা

ভারতের স্বার্থ রক্ষায় বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। তিনি বলেন, ভারতের কোলে বসে দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ। সম্প্রতি বিএনপি সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্যে প্রমাণিত হয়েছে, ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালন করতে ইচ্ছুক বিএনপি সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পল্টনে মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির সঙ্গে ভারতীয় সরকারের গোপন চুক্তি অনুযায়ী সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। বিরোধী দলের ওপর দায় চাপাতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড বিএনপি সরকার দৃষ্টিপ্রতিবন্ধীদের মতো এড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব মানেই বিএনপি-আওয়ামী লীগের গোলামি। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তের পাশেই নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে। ভারত বাংলাদেশকে নেতাশূন্য ও সেনাশূন্য করতে আবারও পুরোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে হুঁশিয়ার থাকার আহ্বান জানান তিনি।

জাগপার সাধারণ সম্পাদক বলেন, বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু জুলাই-পরবর্তী সরকার এখনো বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থার পথে হাঁটতে শুরু করেছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় নিজেদের খোঁড়া গর্তে নিজেদেরই পড়তে হবে।

জাগপা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহ ও যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন