হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে ‘সমমনা ইসলামী দল’ নামে কওমিভিত্তিক সাতটি দলের নতুন একটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর বৈঠক শেষে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।
নতুন এই জোটে থাকা ৭টি দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠকে মৌলিক আলোচনায় প্রাথমিকভাবে চারটি বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে বলে জানা গেছে
১। একসঙ্গে পথচলার সিদ্ধান্ত: সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
২। ‘সমমনা ইসলামী দল’ নামে কার্যক্রম পরিচালনা: নতুন কোনো রাজনৈতিক দল গঠন নয়; বরং ‘সমমনা ইসলামী দল’ নামকে একটি অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করে সাতটি দল সম্মিলিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। দলগুলো নিজ নিজ স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই এই উদ্যোগে অংশ নেবে।
৩। পরবর্তী বৈঠক: আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
৪। অন্যান্য জোটে থাকা দলগুলোর অংশগ্রহণ: বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলো পর্যায়ক্রমে নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে সমমনা ইসলামী দলের এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে অগ্রসর হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


