বাংলাদেশ লেবার পার্টির চেয়ারমান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছে। কিন্তু শহীদদের রক্তের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখনও অনেক পথ বাকি।
তিনি বলেন, গণভোটে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীর সন্তানদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব জুলাই শহীদের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গ্রান্ডতাজ রেস্টুরেন্টে লেবার পার্টি ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে "জান দেব, জুলাই দেব না" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এআরএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান, মানিকগঞ্জ জেলা সদস্য সচিব মো. আবদুল বাসেত, মহানগর যুগ্ম আহবায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, মোঃ রাজু বেপারী, মহানগর সদস্য মো. শফিকুল ইসলাম, রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হাসান হাফিজ, শ্যামপুর থানার প্রতিনিধি জুয়েল মাহমুদ, যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক আরমান হোসেন, সদস্য দাউদ হোসাইন, সবুজবাগ থানার প্রতিনিধি আতিকুল ইসলাম ও ছাত্রমিশনের মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

