আলোচনা সভায় নাজিম উদ্দীন আলম

আমরা আলোচনার মাধ্যমে দেশের যেকোনো সংকট সমাধান করব

স্টাফ রিপোর্টার

আমরা আলোচনার মাধ্যমে দেশের যেকোনো সংকট সমাধান করব

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো মিলে দেশের যেকোনো সংকট আমরা একসঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করব। দেশের জন্য কারো অবদানকে খাটো করে দেখা হবে না বলেও এসময় মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) ‘গণতন্ত্র সুশাসন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় নাজিম উদ্দীন আলম বলেন, ‘আমরা যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সসম্মানে গঠনমূলক সমালোচনা করব। অর্থনৈতিক সমস্যাসহ যেকোনো সংকট আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। আমার নেতা তারেক রহমান পার্লামেন্টে বলেছেন, আমরা সংকটে সবাই মিলে আলোচনা করে, সমাধান করব। কারণ বিএনপি-জামায়াত-এনসিপি সবার অবদান রয়েছে বিগত ১৭ বছরের আন্দোলনে। আমরা সবাই মিলেই ফ্যাসিবাদকে উৎখাত করেছি। কারো অবদান খাটো নয়। কাউকে আমরা খাটো করতে চাই না।

বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি- সবাই মিলে আমরা এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাব। আমরা এ দেশের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করব। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। আইনের শাসন কায়েম করব। গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করব। অর্থনৈতিক মুক্তি নিয়ে আসব।

ডাকসুর সাবেক এই সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরও বলেন, ‘আমরা আশা করব, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা হবে সুন্দর বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ। আমরা মানুষের মুখে হাসি ফুটাব। তিনি আরও বলেন, আমরা যেন এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি- সে জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) গ্রহণ করেছেন। তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। কৃষকদের জন্য কৃষক কার্ড ব্যবস্থা করেছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা বিপ্লবের সেই কর্মসূচি হাতে নিয়েছেন। ইনশাল্লাহ তিনি এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’

সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন আলম বলেন, বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। পৃথিবীর ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ পরিবার জিয়া পরিবার, যারা বাংলাদেশের সফল নেতৃত্ব দিয়েছেন এবং বিদায় নেওয়ার পরেও যারা এদেশে সর্বোচ্চ ভালোবাসা পেয়েছেন। শ্রদ্ধা পেয়েছেন। এ দেশের মানুষ জানে বাংলাদেশের স্বাধীনতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। সে অবদান সারা জীবন ইতিহাসে লেখা থাকবে।

জিয়াউর রহমানের মত অবদান শেখ মুজিবুর রহমান রাখতে পারেননি উল্লেখ করে ৯০এর গণআন্দোলনের নেতা নাজিম উদ্দীন আলম বলেন, শেখ মুজিব অনেক বড় নেতা ছিলেন, কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জানাজাও পাননি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে একজন হুঙ্কার দিচ্ছেন। শুভেন্দ্র অধিকারীর বক্তব্যটি আমাদের ভালোই উপকার করছে। তিনি বাংলাদেশি জনগণকে আরো একত্র করলেন। তিনি বলেন, আজকে শুভেন্দু অধিকারী হুংকার দেয় যে ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকারপ্রধান যিনি ২৩৭ বিলিয়ন ডলার লুটপাট করে দেশের জনগণের টাকা বিদেশে পাচার করেছেন; যিনি হাজার হাজার নেতা-কর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন; শাপলাচত্বরে ৫ মে আলেমসমাজকে গুলি করে মেরেছেন; যিনি আমাদের দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছেন; জুলাই আগস্টে দেড় হাজার ছাত্রজনতাকে হত্যা করেছেন- সেই হত্যাকারীকে সিলেট শাহজালাল বন্দরে তিনি নিয়ে আসবেন। আমরা নাকি তাকে স্যালুট দিয়ে নিয়ে আসব, প্রার্থনা জানাব-পাগলের প্রলাপ।

তিনি বলেন, বাংলাদেশে অবাদ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটি জাতীয়ভাবে স্বীকৃত সরকার রয়েছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি (শুভেন্দু) এখানে বৈধ প্রধানমন্ত্রী বলছে শেখ হাসিনাকে। আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন।

বাংলাদেশের জনগণ ঘুমিয়ে থাকবে না উল্লেখ করে নাজিম উদ্দীন আলম আরও বলেন, ‘আমরা পালিয়ে যাওয়া দল না, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। তোমাদের কাছে গিয়েছে, খারাপ লাগতেছে শেখ হাসিনা নাই বলে, আমাদের বুঝতে বাকি নাই। শেখ হাসিনার জন্য তোমাদের কী দরদ, এই লুটেরার জন্য কি দরদ- আমরা বুঝতে পারি।

জিসপের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক লায়ন মাসুদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক মোজাম্মেল হক এবং জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, জিসপ কেন্দ্রীয় সহসভাপতি শাহজালাল উদ্দিন টিটন, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামাল মন্ডল, সাবেক ছাত্রনেত্রী ড. আসমা শহীদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মনির হোসেন রাসেল প্রমুখ।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...