বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগের সুযোগ নেই বলে অভিমত ব্যক্ত করেছে খেলাফত মজলিস। একইসঙ্গে অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান, সংস্কার ও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে ৮ দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে দলটি।
শনিবার চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়। পল্টন ফায়েনাজ টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। লিখিত বক্তব্য পেশ করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বক্তব্যে বলা হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীর মধ্যে আশংকা বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে, তাতে জনগণ খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। এ অবস্থায় একটি প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস জাতির সামনে তার বক্তব্য তুলে ধরতে চায়।
খেলাফত মজলিসের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে—বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগের সুযোগ নেই। সরকারকে সংস্কার-নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতায় সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। পতিত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।
অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করতে বলেন। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। পতিত ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে গতিশীল করা। রাজনৈতিক দলসমূহের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রাখা।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
