‘১৯৭১-এ স্বাধীনতা, ২০২৪-এ রাজনৈতিক স্বাধিকার অর্জিত হয়েছে’

‘১৯৭১-এ স্বাধীনতা, ২০২৪-এ রাজনৈতিক স্বাধিকার অর্জিত হয়েছে’

চব্বিশের জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা স্মরণ করে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন্নাহার নিলু বলেছেন, স্বাধীনতা আমরা পেয়েছি ১৯৭১ সালে, কিন্তু রাজনৈতিক স্বাধিকার অর্জিত হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে। তিনি বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্টের ঘটনাপ্রবাহে দুইজন নারী শ্রমিকসহ দেড় হাজার শহীদের রক্তের ওপর আজকের রাষ্ট্র দাঁড়িয়ে আছে। তাদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে, সেই আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না।

বিজ্ঞাপন

তিনি শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে নারী শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই নারী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাজমুন্নাহার নিলু এমপি বলেন, দেশের অধিকাংশ শ্রমিকই নারী। জুলাই আন্দোলনে মাছ বিক্রেতা শাহিনুর বেগম (৫৭) এবং গৃহকর্মী মোসাম্মাদ লিজা নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এটি নারীদের প্রতি বর্বরতার নির্মম উদাহরণ। তিনি বলেন, নারী-পুরুষ সহ অসংখ্য শহীদ ও আহতের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। আমরা আশা করি সরকার তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে।

তিনি অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকের প্রতি সম্মান এবং নারী শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রোজিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নুর, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, সাবেক কাউন্সিলর আমেনা বেগম, সাংবাদিক কামরুন নেসা মাকসুদা, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শাহিদা সরকার, সাধারণ সম্পাদক কামরুল নাহার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন