মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে কোরআনি অনুশাসন নেই বলেই আছিয়াদের প্রতিনিয়ত ধর্ষণ ও জীবন দিতে হচ্ছে। তিনি ভিকটিম আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। আমিরে জামায়াত মরহুমা আছিয়ার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।
তিনি বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় সুধীদের সম্মানে মিরপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন,কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে দেশে কোন অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, খুন, ধর্ষণ অপহরণ কোন কিছুই থাকবে। জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত দেশ দারিদ্রমুক্ত হবে। কোন যুবক বেকার বা কর্মহীন থাকবে না। থাকবে না মানুষে মানুষে কোন ভেদাভেদ বা বৈষম্য। তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তি কল্যাণ রাষ্ট্রের পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান। তাহলে দেশকে একটি শান্তির নীরে পরিণত করা সম্ভব।
তিনি বলেন, মূলত, মানবরচিত মতবাদ দিয়ে দেশ শাসিত কারণে আমাদের সমাজ রাষ্ট্রে এতো অশান্তি। ফলে দেশ এখন অপরাধ ও অপরাধীদের রীতিমতো অভয়ারণ্যে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী এমন এক শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষ নিজেদের অধিকার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবে। দেশে কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, অপহরণ ও ধর্ষণ সহ কোন অপরাধ থাকবে না। রাষ্ট্রই সকল নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল মৌলিক ও মানবীয় অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। এমন একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য জীবনের সকল ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করতে হবে। জামায়াতে ইসলামী কোরআনের আলোকে আলোকিত এক নতুন বাংলাদেশ গড়তে দেশ ও জাতির কাছে প্রতিশ্রতিবদ্ধ।
থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।
উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মোহাম্মদ শহিদুল্লাহ ও আনোয়ারুল করিম, কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান, শ্রমিক নেতা মিজানুর রহমান ও মিরপুর পূর্ব থানা নায়েবে আমির আনিসুর রহমান প্রমুখ।
হাতিরঝিলে সুধী সমাবেশ: বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানার উদ্যোগে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান এবং পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শূরা সদস্য নুরুল ইসলাম আকন্দ, খন্দকার রুহুল আমিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

