জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রশিদ। সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক শেখ ইনামুল হাসান। এর মধ্যে রিফাত রশীদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঈনুল ইসলাম ও মুখপাত্র হয়েছেন সিনথিয়া জাহীন আয়েশা।
বুধবার রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম কাউন্সিল শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কমিশনার ওয়াহিদুজ্জামান এবং কমিশনার মুহাম্মদ রাকিব।
এদিন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে সকাল সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকাল ৫টায়। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই চারটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১১ জন। প্রথম কাউন্সিল সামনে রেখে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
সংগঠনটির সভাপতি পদে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ), সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম নীরব, ‘জুলাই গণঅভ্যুত্থান’বিষয়ক বিশেষ সেলের সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম) এবং ঢাকা মহানগর শাখার আহবায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)। আর সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহবায়ক তাসনিম আহমাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এ ছাড়া মুখপাত্র পদে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নূপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহবায়ক মো. লিখন হোসেন।
প্রধান নির্বাচন কমিশন জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, এক দিন পিছিয়ে বুধবার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ২৪ জন কাউন্সিলরের ভোটাধিকার প্রয়োগ করার কথা।
জানা গেছে, প্রথম কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব প্রথম কার্যদিবসেই একটি আর্থিক স্বচ্ছতাবিষয়ক তদন্ত কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে একটি শ্বেতপত্র জমা দেবে। প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য একটি ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সম্মুখ সারির সমন্বয়ক, অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এ উপদেষ্টা পরিষদ গঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

