ব্যক্তি নয়, প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে: অধ্যাপক মুজিব

ব্যক্তি নয়, প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে: অধ্যাপক মুজিব

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হতে হবে। তিনি বলেন, ভোট চাইতে হবে প্রতীকের পক্ষে; ব্যক্তির পক্ষে নয়। তিনি দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

শনিবার ঢাকার কেরানীগঞ্জের একটি রিসোর্টে জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে সংগঠনের রুকন সহ ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক গুণাবলি অর্জন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে আপোষহীন থাকার আহ্বান জানান।

জামায়াতের ঢাকা জেলা আমি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং ঢাকা-১৯ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার।

সাইফুল আলম খান মিলন বলেন, ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় এবং জ্ঞান বৃদ্ধির জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অধ্যবসায়ী হতে হবে। যা জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অপরিহার্য অনুষঙ্গ।

মাওলানা আব্দুল জাব্বার বলেন, রুকনদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং একই সঙ্গে কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী সময় নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। তাহলে ইসলামী আন্দোলন গতিশীল হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন,দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তাই আমাদের ঘরে বসে থাকলে চলবে না বরং সব আসনে জামায়াত প্রার্থীদের বিজয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন