মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।

এ সময় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মসূচির মধ্যে রয়েছে-জেলা, উপজেলা ও থানার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ; জাতীয় ইউনিয়ন সমুহের উদ্যোগে দেশব্যাপী শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা; ক্রাফট ফেডারেশনসমূহের উদ্যোগে শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা; ট্রেড ইউনিয়নসমূহের ব্যানারে র‌্যালি ও শ্রমিক সমাবেশ; লিফলেট বিতরণ; কেন্দ্র, জেলা, মহানগরী, জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়ন সমূহের উদ্যোগে পোস্টারিং; মহানগরী, জেলা, উপজেলা, থানা ও ট্রেড ইউনিয়ন সমূহের উদ্যোগে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানো।

আরও কর্মসূচি হলো-পেশা ভিত্তিক শ্রমিক সমাবেশ, র‌্যালি ও সামষ্টিক বনভোজন; বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিয়ম; ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়; অসচ্ছল ও কর্মক্ষম শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান; বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সহায়তা প্রধান; শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ইমাম ও খতিবদের মাঝে ‘শ্রমিকদের অধিকার ও মর্যাদা’ সম্পর্কিত খুতবা বিতরণ।

কর্মসূচি ঘোষণার পূর্বে দেওয়া বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকের স্বার্থ, অধিকার, কল্যাণ এবং শ্রমিক সমাজের সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে গিয়ে বিগত সময়ে আমাদের নেতাদেরকে বারবার রাষ্ট্রীয় রোষানলে পড়তে হয়েছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দীর্ঘ পথ চলায় শ্রমিকের স্বার্থ রক্ষা ও কল্যাণ সাধনায় এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই এক বিন্দু পরিমাণ পিছপা হয়নি এবং ভবিষ্যতেও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামে আমরা পিছু হটবো না ইনশাআল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন