‘জুলাই’ শহীদদের স্মরণে জামায়াতের জাতীয় সেমিনার শুক্রবার

‘জুলাই’ শহীদদের স্মরণে জামায়াতের জাতীয় সেমিনার শুক্রবার

চব্বিশের জুলাই শহীদদের স্মরণে আগামী শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সেমিনার করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নেতৃবৃন্দ ও ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানিয়েছে, ‘জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং প্রথম থেকে দ্বাদশ খণ্ডে ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

এই সেমিনার সফলে মঙ্গলবার সকালে বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ বৈঠকে জাতীয় সেমিনার অনুষ্ঠানের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচারের স্বার্থে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন