বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, সংস্কার কবে করবেন? দশ মাস তো হয়ে গেলো। আপনার সংস্কার না করে আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। শুধু মুখের কথা আর চমক নিয়ে আছেন। কাজেই এভাবে দিন চলবে না।
তিনি রোববার বিকেলে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, 'সংস্কার কারা করবে? সংস্কার করবে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। সংস্কার আজকে যেটা চিন্তা করছি, কালকে সেটা পরিবর্তন হয়। সংস্কার চলমান, সংস্কার চলতে চলতে নতুন কিছু চিন্তা ভাবনা চলে আসে। সেই নতুনত্বকে গ্রহণ করাই হলো সংস্কার। সেই সংস্কার একদিনে হয় না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। আমরা নির্বাচনের জন্য বিএনপি যা করা দরকার অবশ্যই সেটা করবে। সেটা কীভাবে করবে আগামী দিনে আপনারা জানতে পারবেন। কর্মসূচি আসবে।'
নরসিংদী জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট উম্মেসালমা মায়ার সভাপতিত্বে এ সময় আরো আলোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম-সম্পাদক হাবীবা চৌধুরী বিথি ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ অন্যরা।
এ সময় সেলিমা রহমান আরো বলেন, 'সংস্কারের কথা বলে এই যে দ্রব্যমূল্যের কি অবস্থা করেছেন? কত গিয়ে ভিড়েছে? এখন কেউ তরকারি কিনতে পারবেন না। প্রতিটি জিনিসের আকাশ ছোঁয়া দাম। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, মব জাস্টিস কেন হয়েছে? কীসের জন্য হয়েছে? এসব সবই বর্তমান অন্তর্বর্তী সরকারের খেলা চলছে। নাটকীয় খেলা। নাটকগুলো দিয়ে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে। আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন বেড়ে গেছে। ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, মব জাস্টিস বলে দাবি-দাওয়া চাওয়া হচ্ছে, এটাই হলো তাদের কাজ।'
'যারা সংস্কারের কথা বলছেন তারা সংস্কার করেন না কেনো? আইনশৃঙ্খলা ঠিক করেন, পুলিশের পোশাক পরিবর্তন করা নয়, সংস্কার করতে হবে মানুষের মনের দিক দিয়ে। আমাদের মানসিক চিন্তার পরিবর্তন করে সংস্কার করতে হবে। যেগুলো খুব দরকার, সেগুলো করে নির্বাচন দিয়ে দিন। দশ মাসতো হয়ে গেছে, এখন পর্যন্ত না সংস্কার করছেন, না দেশের আইন শৃঙ্খলা দেখছেন। না দেশের মানুষের দিকে তাকাচ্ছেন, আপনারা আছেন শুধু বিদেশি চমক আর কথা নিয়ে। শুধু মুখের কথা আর চমক দিয়ে আছেন। কাজেই এভাবে দিন চলবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। আমরা নির্বাচনের জন্য বিএনপি যা করা দরকার বিএনপি অবশ্যই সেটা করবে। সেটা কীভাবে করবে আগামী দিনে সেটা আপনারা জানতে পারবেন। কর্মসূচি আসবে।'
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

