জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ বিকালে। শুক্রবার বেলা ৩টা থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েত হচ্ছে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চের সামনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য আসন রাখা হয়েছে। নতুন দলের নেতৃত্ব জুলাই শহীদ পরিবার ও আহতদের কাছে গণ শপথ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য রয়েছে আসন। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। দুপুর থেকে সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন কর্মীরা। দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসছেন। তারা জানায়, তারুণ্যের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে।
জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তার উত্তর পার্শে মঞ্চ তৈরি করা হয়েছে। আড়ংয়ের মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আয়োজকদের পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ১৫১-২০১ সদস্য বিশিষ্ট হতে পাতে পারে, যা আজই ঘোষণা করা হবে। দলের শীর্ষ অনেকগুলো পদ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সূত্রমতে, নতুন দলের সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক: সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক : হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। তবে আলোচনায় সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত নতুন দলে আসছেন না বলে জানিয়েছে।
নতুন দলের ঘোষণাপত্র দেওয়া হতে পারে আজ। মূল বিষয় হিসেবে থাকছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রশাসন ও আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যার দ্রুত ও ন্যায়বিচার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কার্যকর রাষ্ট্রসংস্কার নিশ্চিত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কর্মসূচি নেওয়া, বিদ্যমান ফ্যাসিবাদী সংবিধান পুনর্লিখন, নতুন সংবিধান তৈরি করতে গণপরিষদ নির্বাচন আয়োজন, গণপরিষদ নির্বাচন আইনসভা নির্বাচনের সঙ্গে একসঙ্গে অথবা আলাদাও হতে পারে। এ ছাড়া আরো বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে।
একাধিক সূত্রমতে, এনসিপির ঘোষণাপত্রে রাষ্ট্রকল্পের বহুদলীয় গণতন্ত্র, সাংস্কৃতিক সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, পাচার ও লুটপাটবিরোধী উৎপাদনশীল অর্থনীতি উৎপাদনশীল অর্থনীতিসহ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় পরিকল্পনাগুলো দার্শনিকভাবে তুলে ধরা হবে। এসব বিষয়ের বিস্তারিত থাকবে দলের কর্মসূচিতে। রমজানের মাঝামাঝি কর্মসূচি চূড়ান্ত হতে পারে। নতুন গণতান্ত্রিক সংবিধান, গণপরিষদের বিষয়টি থাকবে ঘোষণাপত্রে।
সূত্রমতে, উদারপন্থি, ইসলামপন্থি, ডানপন্থি, বামপন্থি এবং রাষ্ট্রের সংস্কারপন্থিদের সম্মিলন ঘটিয়ে একটি মধ্যমপন্থি রাজনৈতিক দল হবে এনসিপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

