পিআর ছাড়া নির্বাচন হলে বিপর্যয় সৃষ্টি হবে: ড. হেলাল উদ্দিন

পিআর ছাড়া নির্বাচন হলে বিপর্যয় সৃষ্টি হবে: ড. হেলাল উদ্দিন

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে পিআর পদ্ধতি ছাড়া নির্দিষ্ট একটি দলকে প্রাধান্য দিয়ে যদি নির্বাচন পরিচালনা করে তাহলে দেশে বিপর্যায় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শনিবার রাজধানীর একটি অডিটোরিয়ামে ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন আয়োজিত সংস্কার, বিচার, নির্বাচন ও মানবাধিকার শীর্ষক আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

হেলাল উদ্দিন বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনমনে সংশয় তৈরি হচ্ছে। এই সংশয় দূর করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের ভাষায় কথা বলছেন এবং সাংবিধানিক সংকটের দোহাই দিচ্ছে।

এখন জুলাই যোদ্ধাদের খাটো করে কথা বলা হচ্ছে। তাদের ওপর প্রশাসন কর্তৃক হামলা করা হচ্ছে। যে কারণে মানুষ আজ বিরক্তি হয়ে গেছে সরকারের ওপর।

তিনি বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবিধানিক সংকটে ভয় দেখাচ্ছে, তারা ক্ষমতায় গেলে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবিধান সরকার হিসেবে অবৈধ ঘোষণা করবে। এরফলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যাবতীয় সংস্কার প্রস্তাব অনায়েসে বাতিল হয়ে যাবে। তখন জুলাই চেতনার অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। এই সুযোগে ক্ষমতাসীনরা নতুন রূপে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার প্রয়োজনে এবং নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।

বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ, জুলাই বিপবের অগ্রসৈনিক ও সাবেক ছাত্র নেতা মোঃ মঞ্জুরুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সেক্রেটারি মোঃ একরাম উল্লাহ, আইনজীবী মুজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন, ভয়েস অব সিভিল রাইটস ফোরামের চেয়ারম্যান ডা: মারুফ শাহরিয়ার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন