ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে ছাত্রদল বৃহত্তর কর্মসূচিতে যাবে। বৃহস্পতিবার শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে দুপুর ১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম হত্যার বিচার দাবিতে সকাল ১০টার পর থেকে অবস্থান নেন। ছাত্রদল সভাপতি জানান, তারা বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের অবরোধের কারণে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে যোগ দিচ্ছেন। সকাল ১০টার আগে থেকেই তারা সেখানে জড়ো হতে থাকেন। সকাল ৯টার পর শাহবাগ মোড়ে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে সাম্যের খুনিরা ধরা পড়ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আচরণ সন্দেহজনক। সেনাবাহিনী মাঠে সক্রিয় রয়েছে, কিন্তু পুলিশ কী ভূমিকা পালন করছে, তা আমাদের বোধগম্য নয়। এখন পর্যন্ত এই সরকারের নয় মাসের কোনো কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বুধবার হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। শাহবাগ থানার ওসি খালেদ মুনসুর জানান, ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ মোড় ব্লকেডের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়। শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা জানানো হয় বিবৃতিতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

