ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে ওই সময় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তারপরও তিনি মনে করেন, এ ঘোষণার ফলে একটা বড় টেনশন দূর হলো।
শুক্রবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটা বড় টেনশন দূর হলো বলে আমি মনে করি। ডিসেম্বর নিয়ে সবার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল। সেইটাকে একটা মাঝামাঝি জায়গায় আনা গেছে।
তবে তিনি প্রশ্ন তুলেন, এটা (নির্বাচন) যদি আমি এপ্রিলের প্রথমার্ধেই করতে পারি, তাহলে মার্চের বা ফেব্রুয়ারির প্রথমার্ধে করতে অসুবিধা কী?
মান্না আরও বলেন, প্রধান উপদেষ্টা মার্চ মাসে রোজার মধ্যে সংস্কার– সংক্রান্ত সংলাপ বা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন। এ প্রক্রিয়া সফল হবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, আমি মনে করি, নির্বাচন হচ্ছে এবং নির্বাচনপ্রক্রিয়া নস্যাৎ করে দেওয়ার মতো ঘটনা ঘটবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

