সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে জামায়াত: রিজভী

সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে জামায়াত: রিজভী

জামায়াত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান কিংস পার্টি গঠন করেছেন, জামায়াত এমন কথা বলেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়ে থাকে তাহলে সেটির মহানায়ক জিয়াউর রহমান। যারা একাত্তরের পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন, তার উদারতার কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। এটা আমরা প্রতিনিয়ত দেখেছি।

তিনি বলেন, জনতার মধ্য থেকে জুলাই আন্দোলনে যে শ্রমিকরা নেমেছেন, যারা একদিন রিকশা চালাতে না পারলে তাদের ছেলে-মেয়ে, স্ত্রী পরিবারের ভাত হবে না। তাদের আত্মদানকে এতো ছোট করে দেখছেন কেন? সেটার জন্য তো কর্তব্য ছিল বেশি। যে রিকশাচালক, ভ্যানচালক মারা গেছেন সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আপনাদের কাউকে তো আসতে দেখলাম না। ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দল বিএনপিকে নানা ধরনের অভিযোগের মধ্যে আক্রান্ত করা আমরা প্রতিনিয়ত দেখছি।

ছাত্রশিবিরের করা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির বলে, আমরা ছাত্রদলে মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি, ছাত্রশিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদ-পদবিও পেয়েছেন। ছাত্রশিবিরকে অনেকে গুপ্ত শিবিরও বলে। এর অনেক প্রমাণ, নামের তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন বলেন?

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন