সরকার এখনও নিরপেক্ষ তবে ছাত্র-জনতার ঐক্য রক্ষায় ব্যর্থ: মঞ্জু

সরকার এখনও নিরপেক্ষ তবে ছাত্র-জনতার ঐক্য রক্ষায় ব্যর্থ: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকারের প্রধান সমালোচনা হল-রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ।

সোমবার বিকেলে রাণিরহাটে ফেনী সদর উপজেলায় কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মঞ্জু বলেন, এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন আদৌ হবে কিনা কিংবা হলেও সেটা ডিসেম্বর না জুনে! এখন সকলের আলোচনা নির্বাচন ডিসেম্বরে না এপ্রিলে? অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি হবে না তা নিয়ে দোলাচলে ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা-অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক-বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন‍্য ঐকমত্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।

তিনি আরও বলেন, ভোটারেরা একসময় দল ও মার্কা দেখে ভোট দিত। কিন্তু দিনের পর দিন অধিকার বঞ্চিত হয়ে তারা চরমভাবে আশাহত। তাদের উচিত হবে এখন আর পুরাতন ছকে বাঁধা না পড়া। মনের মধ‍্যে যে দল বা মার্কার প্রতি দুর্বলতা থাকুক না কেন তাদের কর্তব্য হবে সমস্যা সমাধানমূলক প্রস্তাবনাকে সমর্থন করা। যে নেতা সবচেয়ে ভালো সমস্যার সমাধান প্রস্তাব করবে তাকেই সমর্থন দেয়া উচিত।

তিনি বলেন, এটাই হবে গণঅভ্যুত্থান ও নতুন রাজনীতির বন্দোবস্ত। বাংলাদেশকে বদলে দিয়ে ঘুরে দাঁড়াবার এ সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন