গুলশানে জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও প্রচার মিছিল

গুলশানে জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও প্রচার মিছিল

নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন না আনলে সংশ্লিষ্টদের পতিত ফ্যাসিবাদীদের ভাগ্যবরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে গুলশান জোন জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গুলশান জোন পরিচালক ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, শূরা সদস্য মাহমুদুর রহমান আজাদ ও মিজানুর রহমান খান প্রমুখ।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, জনগণ চায় এমন একটি দল আগামীতে ক্ষমতায় আসুক, যারা দেশ ও জাতির মুক্তি এবং কল্যাণের জন্য কাজ করবে। জামায়াত সে প্রত্যয় নিয়ে দীর্ঘ পরিসরে ময়দানে কাজ করে যাচ্ছে। আমরা বিগত ৫৪ বছর নানাবিধ জুলুম-নির্যাতনের শিকার হয়ে ময়দান ছাড়া হইনি। আমরা ইসলামী আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে মানুষের সংশোধনের জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছি। জাতীয় অর্থনীতিকে মজবুতভিত্তির ওপর প্রতিষ্ঠার জন্য ক্ষমতা বাইরে থেকেও নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছি। পতিত স্বৈরাচারী সরকারের আমলে সীমাহীন জুলুম-নির্যাতনেও আমরা একচুলও লক্ষ্যচুত হয়নি।

তিনি আগামী ১৯ তারিখের জামায়াত আহুত জাতীয় সমাবেশের কথা উল্লেখ করে বলেন, ১৯ জুলাই-ই নির্ধারিত হবে আগামীতে দেশের নেতৃত্ব কাদের হাতে থাকবে। তিনি জাতীয় সমাবেশ সফল করতে সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি প্রচার মিছিল গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন