ভোটের আগে কেন্দ্র দখল ও ভুয়া ভোটারের শঙ্কার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। একটি ভোটকেন্দ্রে অস্ত্র ও লাঠি উদ্ধারের ঘটনায় সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি কেন্দ্র পরিবর্তনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এমন অভিযোগ দেন তিনি।
সাক্ষাৎ শেষে ইশরাক হোসেন জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে সূত্রাপুরের কাঠের পুল সংলগ্ন কসমোপলিটন স্কুল কেন্দ্রে অভিযান চালিয়ে পুলিশ ১৫২ পিস মোটা লাঠি (স্ট্যাম্প) উদ্ধার করে। ওই ভবনটির মালিকানায় রয়েছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী।
তিনি বলেন, ওসিকে জানানোর পর তিনি চার ঘণ্টা সময় ক্ষেপণ করেন, যার ফলে সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ লাঠিসোঁটা সরিয়ে ফেলার সুযোগ তৈরি হয়। আমরা মনে করছি- এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি সহযোগিতার শামিল।
বিএনপির এই প্রার্থী বলেন, কসমোপলিটন স্কুলে যেহেতু অস্ত্র ও লাঠি মজুত করার ঘটনা ঘটেছে, তাই সেখানে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে কেন্দ্রটি পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্বের অভিযোগে সূত্রাপুর থানার ওসির দ্রুত পরিবর্তনের দাবি করেছি।
নির্বাচনি পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক জানান, ঢাকা-৬ আসনে এখন পর্যন্ত পরিবেশ তুলনামূলক শান্তিপূর্ণ থাকলেও হঠাৎ এই অস্ত্র ও লাঠি উদ্ধারের ঘটনা তাকে ভাবিয়ে তুলেছে। অনেক হোল্ডিংয়ে ২০ জন করে অতিরিক্ত ভোটার দেখা যাচ্ছে, যারা মূলত ‘ভুয়া ভোটার’। বিষয়টি পূর্ণাঙ্গভাবে কম্পাইল করে তারা দ্রুতই নির্বাচন কমিশনকে অবহিত করবেন।
ব্যক্তিগত আক্রমণ এবং মরহুম বাবাকে জড়িয়ে বিরূপ মন্তব্যের পরেও তিনি ধৈর্য ধারণ করছেন উল্লেখ করে ইশরাক বলেন, আমরা কোনো সংঘাত চাই না। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের জন্য মঙ্গলজনক নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

