নড়াইলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে এক মাদরাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মেরাজ আলী ওরফে মিরাজ (২৪)।
সোমবার দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, নড়াইল সদর পৌরসভার রঘুনাথপুর এলাকায় অবস্থিত জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদরাসার আবাসিক এক শিক্ষার্থীকে মাদরাসা শিক্ষক মেরাজ আলী ২০২৫ সালের ১১ জুলাই রাতে বলাৎকার করেন। পরদিন ভুক্তভোগী শিশু এ ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে বিচারিক কার্যক্রমে আদালত মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার রায় ঘোষণার নির্ধারিত দিনে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মো. আমানুল্লাহ হকের ছেলে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

