আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার

সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান সংসদনেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালার শুরুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন। এই কর্মশালায় বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন। বিএনপির সংসদীয় দলের নেতা হিসেবে এই কর্মশালার উদ্বোধনও করেছেন তিনি।

বিজ্ঞাপন

সাংসদদের রুদ্ধদ্বার এই কর্মশালায় উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দু ল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেনসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত রয়েছেন।

কর্মশালায় যোগ দেওয়া বিএনপির নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুন সাংসদদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য।

আগামী ১২ মার্চ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশন সামনে রেখে বিএনপি তার সাংসদদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সাংসদরা এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা কী হবে, তা তুলে ধরবেন।

দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ; বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন।

এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালি সম্পর্কে অভিজ্ঞতা নেই।

বিএনপির একজন সিনিয়র নেতা জানান, এই কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণে কী বিষয়ে আলোচনা করতে হয়, সংসদ অধিবেশনে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দলের দিকনির্দেশনা দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন