চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, ওসিসহ আহত ১০

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, ওসিসহ আহত ১০
ছবি: আমার দেশ

চট্টগ্রাম নগরের হালিশহরে পরিবহন শ্রমিকদের একটি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনসহ পুলিশের চার সদস্য এবং ছয় শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে হালিশহর থানার বৌবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলহান কমিউনিটি সেন্টারের সামনে পরিবহন শ্রমিকদের একটি সংগঠনের নির্বাচন চলছিল। ভোট গ্রহণের সময় দেরিতে ভোট কাস্ট হওয়া নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। এতে ওসিসহ পুলিশের চার সদস্য আহত হন। সংঘর্ষে ছয় শ্রমিকও আহত হয়েছেন।

হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, পরিবহন শ্রমিকদের একটি নির্বাচনে দেরিতে ভোট কাস্ট হওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে মারামারি শুরু হয়। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন তাদের দিকে ইটপাটকেল ছোড়া হয়।

ওসি বলেন, ‘এ ঘটনায় আমিসহ পুলিশের চারজন সদস্য আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর এখন বিশ্রামে আছি।’

পুলিশ জানায়, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি কীভাবে শুরু হয়েছিল এবং কারা সংঘর্ষে জড়িয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

নির্বাচনে ভোট গ্রহণের প্রক্রিয়া, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আহত শ্রমিকদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন