সেমিনারে বক্তারা

কবি আল মুজাহিদী বাংলা কবিতার এক অবিস্মরণীয় নাম

কবি আল মুজাহিদী বাংলা কবিতার এক অবিস্মরণীয় নাম
ছবি: সংগৃহীত

আল মুজাহিদী বাংলাদেশের কবিতাঙ্গনের এক অনন্য ব্যক্তিত্ব। বাংলা কবিতার এক অবিস্মরণীয় নাম। কবিতায় দেশজ আধুনিকতার উদ্ভাসনের পাশাপাশি বিদেশি পুরাণেও খুঁজেছেন মানবিক মৈত্রীর স্বর। কবিতা বিষয়ক গদ্য রচনা,বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ কবিতা বাংলায় অনুবাদ এবং শিশু-কিশোর সাহিত্যেও তিনি স্বাতন্ত্র্য ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এদেশে সাহিত্য সাময়িকী সম্পাদনার ইতিহাসেও কবি আল মুজাহিদীর অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়।

বুধবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে প্রয়াত বিশিষ্ট কবি আল মুজাহিদী স্মরণে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে ‘মৃত্তিকার কবি আল মুজাহিদী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক ড. মাহবুব হাসান। অনুষ্ঠানের শুরুতে কবি আল মুজাহিদী স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

সেমিনারে বক্তারা বলেন, আল মুজাহিদী তার কবিতায় এদেশের মাটি ও মানুষের কথা অসাধারণ নৈপুণ্যে ভাস্বর হয়েছে। আল মুজাহিদীকে চেনার একটি উপায় হলো, তাঁর কবিতা। সেখানেই ফুটে আছে তাঁর মনোগোলাপ, যার সুবাস আমরা নিতে পারি। একটি দীর্ঘ যাত্রায় আমরা লক্ষ্য করেছি আল মুজাহিদী নিজেকে সমর্পণ করেছেন ‘কাঁদো হিরোশিমা, কাঁদো নাগাসাকি’র কবিতাগুলোর মধ্যে। এর সূচনা হয়েছিল ১৯৬৩ সালে, ঢাকা সেন্ট্রাল জেলে বসে লেখা ‘কাঁদো হিরোশিমা, কাঁদো নাগাসাকি’ দিয়ে। তারপর তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মানবতাবিরোধী সাম্রাজ্যবাদী ধ্বংসযজ্ঞের নৃশংসতার রূপ তাঁর কলমে শানিয়ে তুলেছেন। তাঁর এই কাব্যযাত্রাই প্রমাণ করে কী বিপুল প্রাণশক্তিতে তিনি মানব-ইতিহাসের হিংস্র নগ্নতার বিরুদ্ধে নিজের কাস্তের মতো ধারালো চিন্তাকে ব্যবহার করেছেন। অনেকেই আল মুজাহিদীকে চিহ্নিত করেছেন ‘মৃত্তিকার কবি’ হিসেবে। তিনি মৃত্তিকাকেই নানাভাবে, নানা রূপে সৃষ্টি করেছেন তাঁর কবিতায়। যে আদিম মৃত্তিকা দিয়ে এই পৃথিবী গড়া হয়েছিল গৌড় নগরীর সোনালি তোরণ এবং সভ্যতার চিলেকোঠা, তার প্রতি তিনি নিবিড় টান অনুভব করেন। তিনি কখনও কখনও নক্ষত্রের স্তুপে বসবাস করার কথা বললেও চূড়ান্তভাবে বলেছেন মৃত্তিকায় ফিরে আসার কথা।

বক্তারা আরো বলেন, আল মুজাহিদী ছিলেন একাধারে কবি, অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক এবং বুদ্ধিবৃত্তিক যোদ্ধা। তাঁর কবিতায় বাংলাদেশ ভাস্বর হয়েছে নিজস্বনতুন শৈলী ও ভাষাভঙ্গিতে। এই ভূখণ্ডের লড়াকু মানুষের স্বতন্ত্র ঐতিহ্যকে তিনি তাঁর কবিতা ও সামগ্রিক সাহিত্যকর্মে ফুটিয়ে তুলেছেন আমৃত্যু। একইসঙ্গে সাহিত্য সম্পাদক হিসেবে তিনি কিংবদন্তিতুল্য। দীর্ঘকাল দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক থাকাকালে তাঁর অনুসন্ধান ও পরিচর্যায় বহু প্রতিভাবান লেখক তাদের সাহিত্যপথের দিশা লাভ করেছেন। তারা বলেন, জাতীয় মুক্তিসংগ্রামের অকুতোভয় যোদ্ধা আল মুজাহিদীর কবিকণ্ঠে শান্তি, মানবতা, সমতা ও মৃত্তিকালগ্ন আধুনিকতার কথা ধ্বনিত হয়েছে সবসময়।

অনুষ্ঠানে কবি কন্যা পরমা আল মুজাহিদী বলেন, বাবা সবসময় দেশ ও দেশেরমানুষের কথা তাঁর কবিতায় উদ্ভাসিত করেছেন। তিনি বলেন, আল মুজাহিদীরু সাহিত্যকর্ম থেকে নতুন প্রজন্ম ভাষা-সাহিত্য ও দেশপ্রেমের প্রেরণা পাবেন নিঃসন্দেহে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সায়েরা হাবীব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন