ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
ছবি: আমার দেশ

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক এবং পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০)। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।

দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন